দ্রুত পরিশোধের দাবি ১ লাখ ৯০ হাজার মাদরাসা শিক্ষকের বেতন আটকে থাকায় ক্ষোভ

স্কুল, কলেজ ও কারিগরি খাতের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়মিতভাবে পরিশোধ করা হলেও প্রায় ১ লাখ ৯০ হাজার মাদরাসা শিক্ষকের মে মাসের বেতন এখনো আটকে রয়েছে। জুন মাস প্রায় শেষ হতে চললেও মাদরাসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ এবং অনতিবিলম্বে তা পরিশোধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা-বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। গতকাল শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে ফয়সাল মাহমুদ বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অংশ এমপিওভুক্ত মাদরাসা দ্বারা পরিচালিত হয়। বিগত সময়গুলোতে আমরা দেখেছি, অনেক সময়ই মাদরাসাকে অবহেলিত ও প্রচলিত নানা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন যথাসময়ে পরিশোধ করার উদ্যোগ না নেওয়া পূর্বের ন্যায় অবহেলারই ইঙ্গিত দেয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষা ক্ষেত্রে এমন দ্বিমুখী দৃষ্টিভঙ্গি কোনোভাবেই প্রত্যাশিত নয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট’ প্রকল্পের আওতায় নতুন করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম অন্তর্ভুক্ত করায় সাময়িকভাবে এই জটিলতার সৃষ্টি হয়েছে এবং খুব শিগগির এই সমস্যার সমাধান হবে। মন্ত্রণালয়ের এমন বক্তব্যের জবাবে ফয়সাল মাহমুদ শান্ত বলেন, শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ হুট করে সামনে আসা কোনো ইস্যু নয়, এটি রাষ্ট্রের একটি নিয়মিত দায়িত্ব। এই ইএফটি কার্যক্রমের পদক্ষেপ পূর্বেই নেওয়া যেত কিংবা ডাটা সংশোধন চলাকালীন মধ্যবর্তী সময়ে বেতন যেন আটকে না থাকে, সে বিষয়ে গুরুত্ব দেওয়াটাই হতো দায়িত্বশীলতা, যা এখানে পরিলক্ষিত হয়নি। বিবৃতিতে তিনি আরো বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের অনেকের মূল বেতন ১৫ হাজার টাকারও কম, যা দিয়ে বর্তমান বাজারদরে মাস চলাই প্রায় অসম্ভব। সেখানে বেতন আটকে থাকায় অধিকাংশ শিক্ষক-কর্মচারী পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার, সন্তানের চিকিৎসা ও বাড়িভাড়ার মতো মৌলিক চাহিদা মেটাতে পারছেন না; যা অত্যন্ত হতাশাজনক ও লজ্জার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রায় দুই লাখ মাদরাসা শিক্ষক ও কর্মচারীর আটকে থাকা বেতন-ভাতা পরিশোধের জোর দাবি জানানো হয়।  সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট