বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

নতুন প্রভাত ডেস্ক

প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র।

লস অ্যাঞ্জেলেসে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী সূচনা করল বিশ্বকাপ স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। সপ্তম মিনিটেই প্যারাগুয়ের ডিফেন্ডার ড্যামিয়ান বোবাদিলা আত্মঘাতী গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে ফোলারিন বালোগুন ব্যবধান দ্বিগুণ করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। মৌরিসিও ৭৩ মিনিটে একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ মুহূর্তে জিওভান্নি রেইনা গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে যুক্তরাষ্ট্র বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে। তাদের শট অন টার্গেট ছিল ছয়টি, যেখানে প্যারাগুয়ে মাত্র একবার গোলমুখে শট নিতে পেরেছে। প্যারাগুয়ের খেলোয়াড়রা বারবার ফাউল করে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন।

এই জয় যুক্তরাষ্ট্রকে গ্রুপে শক্ত অবস্থানে নিয়ে গেছে এবং স্বাগতিক হিসেবে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

আগের ম্যাচে ‘বি’ গ্রুপে কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ম্যাচটি ১-১ ড্র হয়। সূত্র: ঢাকা পোস্ট

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট