ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল বাগমারায় পুলিশ পরিদর্শক কমলেস প্রত্যাহার
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের ‘ঘুষ গ্রহণের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রোববার (৭ জুন) রাতে পুলিশ কর্মকর্তার ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার ঝড় উঠে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করে তার বসার টেবিলের নিচে নিয়ে টাকা গুলো বের করেন। এক সময় নোটগুলো তিনি দ্রুত গণনা করে মানিব্যাগে রাখেন। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতার লেখা ওই খামদাতাকে দেখান।
রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকদের ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিও পোস্ট করা হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্তব্যের ঘরে। তবে ওই পুলিশ কর্মকর্তা যাঁর কাছ থেকে খাম নিয়েছেন, তাঁকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।
কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিসেবে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে দৈনিক সংগ্রামকে বলেন, ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে, বুঝতে পারিনি, অনেকে রেশন নিয়েও আমাকে টাকা দেয়।’ পুলিশের প্রকাশ্যে ঘুষ নেয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যকরা একটি এসময়ের ঘটনা। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পর আজ সোমবার ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে রাজশাহী পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
