নগরীতে বিদ্যুতের খুঁটিতে ঘুঘুর ছানা ধরতে উঠে কিশোরের মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম সাজ্জাদ (১৫)। সে নগরীর রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার সাজুর ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠেছিল সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই খুঁটির সঙ্গে ঝুলে পড়ে ওই কিশোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তা খতিয়ে দেখছে। যেহুত এটি দুর্ঘটনা জনিত মৃত্যু, সেহুত তাকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
