তানোরে হেরোইনসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তির নাম আলতাব হোসেন। তিনি তানোর উপজেলার বাকশপুর গ্রামের মৃত বারু মণ্ডলের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বিকেলে তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়ন পরিষদ ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ছিলেন ডিবির এসআই (নিঃ) মো. আশাফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চান্দুরিয়া ইউনিয়নের এখতারপুর গ্রামে চান্দুরিয়া-বিলধরমপুর সড়কের পাশে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিয়ে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে বিকাল পৌনে ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের ভাঁজে রাখা একটি পলিথিনের প্যাকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
