রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে বিএনপি ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। ঝটিকা মিছিলের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ বা ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এর আগে বুধবার সকালে রাজশাহীতে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল।
এদিকে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা মিছিলের ভিডিও সংগ্রহ করেছে এবং তা বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
