প্রত্যেক নাগরিককে গুরুত্ব দিয়েই বাজেট হচ্ছে: অর্থমন্ত্রী

দেশের প্রতিটি নাগরিককে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ঋণের চাপের মধ্যেও সরকার একটি জনমুখী ও ভারসাম্যপূর্ণ বাজেট তৈরির চেষ্টা করছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বাজেটের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া।তিনি বলেন, “আমরা দেশের প্রতিটি নাগরিককে মাথায় রেখে বাজেট তৈরি করছি। অর্থনীতির বর্তমান অবস্থা কঠিন, ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের এগোতে হচ্ছে। তবে এই পরিস্থিতির মধ্যেও আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি।”অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে উচ্চ ঋণের চাপে রয়েছে। অতীতের নীতিগত দুর্বলতার কারণে অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ অবস্থাকে ধীরে ধীরে কাটিয়ে ওঠাই সরকারের প্রধান লক্ষ্য।তিনি উল্লেখ করেন, বাজেটের একটি বড় অংশ সুদ পরিশোধেই চলে যাচ্ছে, যা অর্থনীতির জন্য বড় চাপ তৈরি করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টে সংস্কার আনা হচ্ছে বলেও জানান তিনি।বিনিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এখন বিনিয়োগনির্ভর কাঠামোর দিকে এগোচ্ছে। পরিচালন ব্যয় কমিয়ে আনা এবং বেসরকারি ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোই সরকারের অগ্রাধিকার।তিনি আরও বলেন, “আমরা চাই ঋণনির্ভরতা কমিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে। লক্ষ্য হলো এমন একটি অর্থনীতি গড়ে তোলা, যা জনগণের স্বার্থ সংরক্ষণ করবে এবং দীর্ঘমেয়াদে উন্নয়ন নিশ্চিত করবে।”অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উদ্যোগগুলো সফল হলে বাংলাদেশ ভবিষ্যতে আরও শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে পৌঁছাতে পারবে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট