ভারতীয় ভিসার নিয়মে বড়সড় পরিবর্তন
ভারতে দীর্ঘমেয়াদে অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে কিছু ছাড় এবং হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের রিপোর্টিং ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধি সংশোধন করেছে। নতুন নিয়ম ইতোমধ্যে কার্যকর হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশি নাগরিকদের এখন তাদের অনুমোদিত অবস্থানকাল শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগে বিদেশিরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে এই নিবন্ধন করার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই অতিরিক্ত সময়সীমা বাতিল করা হয়েছে।
এছাড়া যেসব বিদেশির ভিসার মোট মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের অনুমোদিত সময় ১৮০ দিন নির্ধারিত, তাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। তারা যদি একটানা বা এক ক্যালেন্ডার বছরে ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে চান, তাহলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। ভারত সরকারের মতে, এই পরিবর্তনের মাধ্যমে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য আরও কার্যকরভাবে তদারকি করা এবং অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা সম্ভব হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থানের অনুমতি এখন শুধুমাত্র বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন বিধিতে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি হলে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তথ্য জানানো বাধ্যতামূলক ছিল। তবে এখন যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় থাকে, তাহলে জন্মের পরপরই তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। কেবল সন্তান পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
এদিকে হাসপাতাল, নার্সিং হোম ও দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা প্রদানকারী চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন রিপোর্টিং বিধান চালু করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে বিদেশি নাগরিকদের অবস্থানসংক্রান্ত তথ্য নির্ধারিত নিয়মে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তবে সরকারের দাবি, চিকিৎসাসেবা প্রদানের মূল কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি; বরং তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও হালনাগাদ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়মের ফলে ভারতে অবস্থানরত বা দীর্ঘমেয়াদি ভিসার পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের জন্য নিবন্ধন প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো নিবন্ধন না করলে ভবিষ্যতে ভিসা নবায়ন, অবস্থান বৃদ্ধি কিংবা অন্যান্য অভিবাসনসংক্রান্ত জটিলতার মুখোমুখি হতে হতে পারে। সূত্র : ইন্ডিয়া টুডে
