রাজশাহীতে স্টেশনে বেড়েছে যাত্রীদের ভিড়
স্টাফ রিপোর্টার
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে রাজশাহী রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। গতকাল সোমবার রাজশাহী রেলস্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য সকাল থেকেই ট্রেনে উঠছেন যাত্রীরা। ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। তবে যাত্রীদের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান জানান, ‘এবারের ঈদে ট্রেন চলাচলে কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ঘটেনি। ২৩ মে শুরু হওয়া ঈদের বিশেষ ট্রেন আগামী ৩ জুন পর্যন্ত চলবে। কিছু পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা নিরাপদ হয়েছে। ট্রেনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করেছে। ক্ষেত্রবিশেষ সামান্য বিলম্ব হলেও পরে তা সমন্বয় করা হয়েছে। ফলে বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে রেলপথে যাত্রীদের ব্যাপক চাপ ছিল। এরপরও ঈদের আগ পর্যন্ত ট্রেনগুলোর নিয়মিত ‘অফ ডে’(সাপ্তাহিক ছুটি) বহাল রাখা হয়। এছাড়াও ঈদের পর অতিরিক্ত যাত্রী সামাল দিতে প্রতিটি ট্রেনে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ এবং একটি শোভন চেয়ার কোচসহ মোট দুটি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। ফলে ট্রেনে ধারণক্ষমতা বেড়েছে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হয়েছে।
