নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আমবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা এবং লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। আহত যুবকের নাম সাইফুল ইসলাম। তারা তিনজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন ভাই একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। আমতলী সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার হোসেন হিরা ও জীবন রহমানের মৃত্যু হয় এবং সাইফুল ইসলাম গুরুতর আহত হন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঢাকা পোস্টকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।এদিকে একই উপজেলায় রোববার (৩১ মে) রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামে ওই নারীর মৃত্যু হয়।
