নিয়ামতপুরে ধর্ষণবিরোধী মানববন্ধন
নিয়ামতপুর প্রতিনিধি
নিয়ামতপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে শিশু আছিয়া থেকে রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁ ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র আয়োজনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার সকাল ১০টায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র প্রকল্প সমন্বয়কারী নাজমুল ইসলাম। তিনি মানববন্ধনের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁ’র কোষাধ্যক্ষ ও জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা সম্পাদক অজিত মুন্ডা, জাতীয় সমন্বয় পরিষদের সদস্য বাসন্তি টপ্পো, শিক্ষার্থী প্রিয়া, বিপ্লব কুজুর, যুব পরিষদের নেতা নুকুল পাহান, সাংবাদিক নূরুল ইসলাম, আবু সায়েম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা শিশু রামিছা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এ ধরনের ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
