১ জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ, রাজস্ব জমা হবে ‘এ-চালান’ পদ্ধতিতে
আগামী ১ জুলাই থেকে সরকারি সকল রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি শতভাগ ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা দিতে হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ম্যানুয়াল চালান পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের প্রচ্ছন্ন দায় ও আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা শাখার উপসচিব ইশরাত জাবিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়।এতে বলা হয়, সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নগদ অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিপত্রে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারের সকল রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি ‘সংযুক্ত তহবিল’ অথবা ‘প্রজাতন্ত্রের সরকারি হিসাব’-এ জমা হওয়ার বিধান রয়েছে।ট্রেজারি রুলস অনুযায়ী এ অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত (টিএসএ)-এর মাধ্যমে পরিচালিত হবে।কিন্তু বাস্তবে কিছু দপ্তর এখনও পুরোনো ম্যানুয়াল কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে টিএসএ এড়িয়ে বাণিজ্যিক ব্যাংকে নিজস্ব নামে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ সংরক্ষণ করছে। সূত্র: যুগান্তর
