ছেলে শিশুর যৌন সহিংসতা রোধে রাজশাহীতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ব্লুু আমব্রেলা ডে ২০২৬ উপলক্ষে “নীরবতা ভাঙুন, ছেলে শিশুদের সুরক্ষা দিন এবং পরিবারকে শক্তিশালী করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর হোটেল ওয়ারিশানে অনুষ্ঠিতর ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় এসিডি (অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট) এই সংলাপের আয়োজন করে। সংলাপে ছেলে শিশুদের প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ, পরিবার ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ছেলে শিশুরাও যৌন সহিংসতার শিকার হয়, কিন্তু সামাজিক কলঙ্ক, নীরবতা এবং প্রচলিত ক্ষতিকর জেন্ডার ধারণার কারণে তারা অনেক সময় সহায়তা চাইতে পারে না। ফলে বিষয়টি আড়ালেই থেকে যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ। আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ, বাসসের স্পেশাল করেসপন্ডেন্ট ড. আইনাল হক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশীদ।
সংলাপে শিশু সুরক্ষায় সরকার, গণমাধ্যম, নাগরিক সমাজ ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে শিশুদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
