রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

সারাদেশের ন্যায় রাজশাহীতেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে তেঁজগাও ভূমি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধনীকৃত অনুষ্ঠানটি রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বড় পর্দায় প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বিভাগীয় কমিশনার এ মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভূমি নিয়ে আমাদের সচেতনতা ও দাপ্তরিক স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি ছিল। সেটা আমরা অনেকটাই দূর করতে সক্ষম হয়েছি। ভূমি নিয়ে যারা কাজ বা চাকরি করে তাদেরকে আমরা জনবান্ধব করার চেষ্টা করছি। তারই একটা সফল উদ্যোগ এ মেলা। এখানে অনেকগুলো স্টল আছে, যে স্টলগুলোতে মানুষের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করতে পারবো।

তিনি বলেন, অনলাইনে যেসব কার্যক্রম শুরু হয়েছে-  নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন, মৌজা ম্যাপ ইত্যাদি বিষয়গুলো মানুষকে আমরা জানাবো যে কী কী সেবা অনলাইনে নিতে পারবেন। এখানে আমরা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

বজলুর রশীদ বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদের সচেতনতা আরও বৃদ্ধি করা দরকার। সচেতনতা বাড়লে অনিয়ম ও দুর্নীতি অনেকটা কমে আসবে। আমাদের লক্ষ্য জনবান্ধব, দুর্নীতিমুক্ত এবং অনিয়মমুক্ত ভূমিসেবা প্রদান। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। যেসব অন্যায় ভূমি অফিসে ঘটে সেটা আমাদের সামনে তুলে ধরেন। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবো। এসময় বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এর আগে নগরীর আইন মহাবিদ্যালয় হতে বিভাগীয় কমিশনার ড. আ.ন. ম. বজলুর রশীদ ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া ভূমি অফিসে শেষ হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট