আমরা জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাব, এতে কোনো সংশয় নেই’

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রথমদিন থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন। আমরা জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাব, এতে কোনো সংশয় নেই।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বাজেট নিয়ে বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকের প্রথম দিনেই প্রধানমন্ত্রী পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টদের জানান।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো একসঙ্গে নয়, কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। বাকি ৫০ শতাংশ ২০২৭-২৮ অর্থবছরে দেওয়া হতে পারে। আর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর চাপ কমবে এবং সরকারের অর্থায়ন ব্যবস্থাপনাও সহজ হবে। আগামী অর্থবছর থেকেই মূল বেতনের অর্ধেক কার্যকর করতে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে সরকারের প্রায় ১৫ লাখ কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতায় বার্ষিক ব্যয় প্রায় ৮৫ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রীর খসড়া বাজেট বক্তব্যেও ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট নিয়ে টানা দুই দিনের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ বিভাগের বরাদ্দ, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর ও ভ্যাট আহরণের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটের আকার, খাতভিত্তিক বরাদ্দ এবং নতুন পে স্কেলের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সূত্র: যুগান্তর

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট