নাতনিকে ধর্ষণে বাধা দেওয়ায় দাদিকে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে রাতে ঘর থেকে নাতনিকে জোরপূর্বক তুলে নিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় দাদি নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টা ও তাতে বাধা দেওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার (১৬ মে) রাত ৩টার দিকে উপজেলার ১ নং রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকাল ১০টায় দিলারা বেগম (৫৪) নামে ওই দাদির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলারা বেগম (৫৪) উপজেলার বীরমঙ্গল হাওর গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় কিশোরী ও তার মা গুরুতর আহত হয়েছেন। তারা দুজনেই গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে ওই কিশোরীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা কিশোরীর মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। এক পর্যায়ে কিশোরী চিৎকার করতে থাকলে তাকে ছুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পার্শ্ববর্তী বাড়ির আলকাছ মিয়া শুভ জানান, জরাজীর্ণ একটি টিনের ঘরে নিহত দিলারা বেগম ও তার ৩০ বছরের প্রতিবন্ধী মেয়ে, নাতনিসহ ৫ জন বাড়িতে থাকেন। নিহতের দুই ছেলে ঋণ করে গত কয়েকমাস পূর্বে জীবিকার তাগিদে প্রবাসে যান। তিনি রাত তিনটার দিকে ওই বাড়িতে কান্নাকাটির আওয়াজ শুনতে পান। পর দৌড়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজনসহ গিয়ে দেখতে পান দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ওই সময় কয়েক মিনিটের মধ্যেই সে মারা যান। এদিকে মেয়ে ও মেয়ের মা আহত অবস্থায় পরে আছে।

কিশোরীর মা জানান, হঠাৎ রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখেন দরজা খোলা। আকাশের বিজলীর আলোয় দেখতে পান এক ব্যক্তি তার মেয়ের ওপর চড়াও হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করছেন। বাধা দিলে ওই ব্যক্তি আমার মেয়েকে মুখ চেপে ধরে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার হাতে কামড় দেয় এবং হাবিবাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট