জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন
নতুন প্রভাত ডেক্স
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, খাল খনন ও সড়ক উন্নয়ন জনস্বার্থে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষির উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।Politics
শনিবার (৯ মে) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত ১ হাজার ৫১ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন ও মাটি কাটার মধ্য দিয়ে তিনি কাজের উদ্বোধন করেন। পরে নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের ৯ হাজার ১০০ মিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজেরও উদ্বোধন করেন।
এমপি মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমানে জনগণের স্বার্থে আবারও এ কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন, বর্ষায় পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, এলজিইডির উদ্যোগে বাস্তবায়িত খাল পুনঃখনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। কাজটি করছে মেসার্স শিমুল রাকা ট্রেডার্স। অন্যদিকে সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় প্রায় ১৪ কোটি টাকা, যা বাস্তবায়ন করছে মেসার্স জুয়েল ইলেকট্রোনিক্স।বাংলাদেশ সংবাদ
স্থানীয় কৃষক আয়েন উদ্দিন বলেন, খাল পুনঃখনন হলে কৃষকরা সেচ সুবিধা পাবে এবং চাষাবাদ সহজ হবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
