একদিকে শুভেন্দুর শপথ, অন্যদিকে মমতার কালীঘাট থেকে পাল্টা কর্মসূচি
নতুন প্রভাত ডেস্ক
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আজ একদিকে যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে, তেমনি অন্যদিকে কালীঘাটে নিজ বাসভবনের চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালন করছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রিগেডে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিজেপির প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠনের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। একই সময়ে কালীঘাটে মমতার কর্মসূচিকে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত রবীন্দ্রজয়ন্তী কর্মসূচিতে দলের শীর্ষ নেতা ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। যদিও বড় ধরনের আয়োজন করা হয়নি, তবে রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য তিনটি স্থানে অরাজনৈতিক সংগঠন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল, তবে তা দেওয়া হয়নি। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে, যেখানে সম্ভব সেখানে সীমিত পরিসরে রবীন্দ্রজয়ন্তী পালন করতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতায় থাকার সময় যেভাবে রাখি পূর্ণিমা ও রবীন্দ্রজয়ন্তী উৎসবমুখরভাবে পালন করা হতো, এবার সেই পরিস্থিতি নেই বলে নেতৃত্বও স্বীকার করছে। তাই এবার কর্মসূচি সীমিত রাখা হয়েছে এবং মাঠপর্যায়ে ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে কালীঘাটের বাসভবনে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির বিরুদ্ধে ‘হামলার প্রতিবাদে’ এলাকায় মিছিল করার নির্দেশ দেওয়া হয়। তবে দলের জেলা পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, সব এলাকায় সেই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে নতুন সরকারের শপথ এবং অন্যদিকে বিরোধী শিবিরের প্রতীকী সাংস্কৃতিক কর্মসূচি—এই দুই আয়োজনই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলছে। সূত্র: ইনকিলাব
