মুসলিমদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা থালাপতি বিজয়ের
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের ওপর অত্যাচার বা সহিংসতা বরদাশত করা হবে না। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুসলিমদের ওপর অত্যাচার করা হলে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না-সে যে ধর্মেরই হোক।
ক্ষমতা গ্রহণের পর প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তায় বিজয় বলেন, তার সরকার প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, আইন সবার জন্য সমান এবং ধর্মীয় পরিচয় কখনোই অপরাধের আড়াল হতে পারে না। গত রোববার (১০ মে) অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া ৫১ বছর বয়সী এই নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলগা ভেত্রি কাঝাগম রাজ্যের দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তির আধিপত্য ভেঙে সরকার গঠন করে নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছে। সরকার গঠনে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লীগও সমর্থন দিয়েছে।
শপথ নেওয়ার পরপরই সামাজিক সংস্কারের অংশ হিসেবে রাজ্যের ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকানের মধ্যে ৭১৭টি বন্ধের নির্দেশ দিয়েছেন বিজয়। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত সরকারি মদ বিক্রয়কেন্দ্রগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া নতুন সরকার ইতোমধ্যে কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচির রূপরেখা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে নিম্নআয়ের পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা বাহিনী গঠন এবং মাদকবিরোধী পৃথক দমন ইউনিট প্রতিষ্ঠা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়েছে। চলচ্চিত্রজগতের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ক্ষমতায় এলেও এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রশাসনিক দক্ষতা এবং নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। তবে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তার কঠোর বার্তা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সূত্র: ইনকিলাব
