ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক অবৈধ ঘোষণা করল আদালত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের আমদানির ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। একই সঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আদালত জানায়, ১৯৭৪ সালের ট্রেড আইন অনুযায়ী এই শুল্ক আরোপের জন্য যথেষ্ট আইনি ভিত্তি নেই। বিচারকদের মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে, এই ধরনের ব্যাপক শুল্ক আরোপকে বৈধ বলা যেতে পারে। রায়ে আরও বলা হয়, যেসব আমদানিকারক এই মামলার সঙ্গে যুক্ত, তাদের কাছ থেকে ভবিষ্যতে কোনো শুল্ক আদায় করা যাবে না। পাশাপাশি আগে আদায় করা অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আদালতের ব্যাখ্যায় বলা হয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু এই মামলায় সেই শর্ত পূরণ হয়নি, ফলে সরকারের পদক্ষেপ আইনি বৈধতা হারিয়েছে। তবে রায়ের পরও অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক আপাতত জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানা গেছে। এদিকে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে শুল্ক আরোপের ক্ষেত্রে নির্বাহী ক্ষমতার সীমা আরও স্পষ্ট করবে। সূত্র : আল-জাজিরা
