রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি। তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। রবীন্দ্রনাথের গান, কবিতার কথা শুনে আমার কাছে মনে হয়, তিনি একজন দার্শনিক।
গতকাল শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিসরে রবীন্দ্রনাথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এখানে যখন তিনি জমিদারির কাজে আসতেন, তখন কৃষকদের দুঃখ-দুর্দশা এবং অভাব দেখে তিনি ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। শুধু তাই নয়, এখানে তিনি কৃষি ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। এটা তাঁর কাজের সাথে, তার কবিতার সাথে সম্পর্কিত ছিল না, তারপরও তিনি সেটা করেছিলেন।
তিনি বলেন, আমি সাহিত্য ভালোবাসি। রবীন্দ্রনাথ, নজরুলসহ সব ধরনের সাহিত্যই পছন্দ করি। কিন্তু নিজে কিছু লিখতে পারিনা। আসলে যে মানুষ সাহিত্য ভালোবাসে, সাহিত্য চর্চা করে, কবিতা পড়ে, শুনে বা লিখে, গান গায় বা শুনে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হয়।
মন্ত্রী বলেন, কবিতা, গদ্য, নাটক, গান সর্বক্ষেত্রেই রবি ঠাকুরের অবাধ বিচরণ ছিল। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তার গীতাঞ্জলি। এ বইয়ের তিনি নিজেই অনুবাদ করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি মনে করি, সারাজীবন রবীন্দ্রনাথকে পড়লেও শেষ করা যাবে না।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী পরিচালক সালেহ উদ্দীন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিপুলসংখ্যক রবীন্দ্রভক্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এর পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ও রবীন্দ্র মেলার উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
