বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বগতি ছাড়ালো ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। এর আগের দিন বুধবার বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। গত রোববার বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলার।
এছাড়া ২৩ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলার। গত ১৬ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তখন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। এরও আগে ১৫ এপ্রিল বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। সেই তুলনায় চার মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সূত্র: ইনকিলাব
