ট্রাম্পের দাবি নাকচ সিআইএ’র, মার্কিন অবরোধ সত্ত্বেও মাসের পর মাস টিকে থাকবে ইরান
নতুন প্রভাত ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জ করে এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। রিপোর্টে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ সত্ত্বেও ইরান আরও অন্তত ৩ থেকে ৪ মাস অনায়াসেই টিকে থাকতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ বৃহস্পতিবার এই গোপন গোয়েন্দা মূল্যায়নের তথ্য ফাঁস করেছে।
প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস থেকে দাবি করা হয়েছিল—মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। গত বুধবার ওভাল অফিসে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন মাত্র ১৮-১৯ শতাংশে নেমে এসেছে। তবে সিআইএ-র বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। গোয়েন্দা তথ্যানুযায়ী, ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযানের ৭৫ শতাংশ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ৭০ শতাংশ এখনো পুরোপুরি অক্ষত।
সিআইএ আরও জানিয়েছে, ইরান তাদের ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারগুলো পুনরায় সচল করতে সক্ষম হয়েছে এবং অবরোধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে হলে এই অবরোধ অন্তত ৯০ থেকে ১২০ দিন অব্যাহত রাখতে হবে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইরানের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা সিআইএ-র ধারণার চেয়েও বেশি হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র এই অবরোধকে ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব হিসেবে বর্ণনা করলেও মাঠপর্যায়ের গোয়েন্দা রিপোর্ট ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ইনকিলাব
