মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল নষ্টের অভিযোগে কৃষকদের মানববন্ধন
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল নষ্টের অভিযোগে উপযুক্ত ক্ষতিপুরণ ও ভাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা। রবিবার (৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্থ কৃষকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে কৃষকরা তাদের উপযুক্ত ক্ষতিপূরণসহ ইট ভাটা বন্ধের দাবী জানান। উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর গ্রামের সরকার এন্ড সন্স ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় খাজুর ও রংতৈর মৌজার ৩৫ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির ধান, আম, লিচু, পটোলসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা।
বিষয়টি নিয়ে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। অমল চন্দ্র মন্ডল, রহমত আলী, ময়নুল, নেপাল চন্দ্র মন্ডল, মতিউর, মকবুল হোসেনসহ ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, সরকার এন্ড সন্স ইট ভাটার কর্তৃপক্ষ গত ২৭ এপ্রিল গভীর রাতে ভাটার বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেন। বিষাক্ত এ ধোঁয়া অল্প সময়ের মধ্যেই তাদের ফসলী জমিতে ছড়িয়ে পড়ে এবং অনেক ক্ষেতের ধান শুকিয়ে নষ্ট হয়ে যায়। এতে খাজুর ও রাংতৈড় মৌজার ৩৫ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির ধান, আম, লিচু, পটোলসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়।
তারা কৃর্তপক্ষের নিকট উপযুক্ত ক্ষতিপূরণসহ ইট ভাটা বন্ধ করে দিয়ে তাদের কষ্টার্জিত ফসল রক্ষার দাবী জানান। বিষয়টি তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, শনিবার দুপুরে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ ফসলের মাঠ পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা করেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ ইট ভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষকের ক্ষয়-ক্ষতি নিরুপনের জন্য সরেজমিনে তিনি শনিবার দুপুরে ফসলের মাঠে গিয়েছিলেন। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের উপযুক্ত ক্ষতিপুরণের ব্যবস্থা করবেন বলেও তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে ইট ভাটার মালিক মো. ইব্রাহিম সরকার বলেন, তার ভাটা থেকে ওইসব কৃষকের জমি প্রায় ১ কিলোমিটার দূরে। আশেপাশের জমির ক্ষতি হলো না, অথচ তারা ক্ষতির কথা বলছেন। বিষয়টি তিনি তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করে বলেন, তারপরও যদি কারো ক্ষতি হয়ে থাকে তবে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে।
