৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার
দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর মাধ্যমে ভূমির হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। এতে ভূমির তথ্য পাওয়া, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং অনলাইনে ই-নামজারির আবেদন করা সহজ হবে। পাশাপাশি ভূমিসংক্রান্ত জালিয়াতি, অনিয়ম ও বিরোধ কমবে বলে আশা করছে সরকার। রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নির্ভুল ডিজিটাল ভূমি রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারত্ব ভূমিসংক্রান্ত বিরোধ কমাতে, অনিয়ম রোধ করতে এবং নাগরিকদের অযথা ভোগান্তি ছাড়াই নির্ভরযোগ্য সেবা পেতে সহায়তা করবে।ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নির্ভুল ভূমি রেকর্ডই দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবার ভিত্তি। রেকর্ডে ভুল থাকলে তার ওপর ভিত্তি করে দেওয়া সেবাও ত্রুটিপূর্ণ হবে। সরকারের লক্ষ্য শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড নিশ্চিত করা, যাতে নাগরিকেরা তাঁদের প্রাপ্য সেবা পান।ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল ভূমি তথ্য ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, নাগরিকদের ভোগান্তি তত কমবে, ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পাবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, উন্নত ভূমি তথ্য মানে শুধু উন্নত ভূমি প্রশাসন নয়; এর মাধ্যমে এমন পরিবেশ তৈরি হয়, যেখানে মানুষ সহজে সরকারি সেবা পায় এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির এই অংশীদারত্বের কার্যক্রম শুরু হয় ২০২৫ সালে প্রাক্-পাইলট উদ্যোগের মাধ্যমে। পরে আটটি জেলায় পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে।নতুন চুক্তির আওতায় এই কার্যক্রম ৬১টি জেলায় সম্প্রসারণ করা হবে। শুধু রেকর্ড ডিজিটাল করাই নয়, বিদ্যমান ভূমি রেকর্ডের অসংগতিও শনাক্ত করা হচ্ছে। এর ফলে ভুল তথ্য সংশোধনে ভূমি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। দেশব্যাপী কার্যক্রমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক স্তরে যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান নিয়ন্ত্রণ করা হবে।এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমিসেবা নিতে নাগরিকদের বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার, জালিয়াতির সুযোগ হ্রাস এবং ভূমির মালিকানা-সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজলভ্য হবে। সূত্র: কালের কণ্ঠ
