চারঘাটে অসহায়দের ঢেউটিন কেনার অর্থ দিলেন এমপি চাঁদ

স্টাফ রিপোর্টার, চারঘাট

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাট উপজেলার ৩০টি পরিবারকে ঢেউটিন কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এমপির উদ্যোগে এ সহায়তার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের আয়োজনে উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ।

অনুষ্ঠানে পিআইও ফরহাদ লতিফ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় যাচাই-বাছাই করে নির্বাচিত ৩০টি অসহায় পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন কেনার জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার চাহিদার তুলনায় এ বরাদ্দ অপ্রতুল। তবে সংসদ সদস্যের বিশেষ উদ্যোগে বরাদ্দ কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে। প্রকৃত অসহায় পরিবারগুলো যাতে এ সহায়তা পায়, সে জন্য যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। ভবিষ্যতে আরও বরাদ্দ সংগ্রহের চেষ্টা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশ পরিচালনার বিভিন্ন কার্যক্রম গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠানে এমপির এপিএস জালাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট