রাজশাহীতে দুই দিনের টানা বৃষ্টিতে ডুবেছে ক্ষেতে কেটে রাখা আমন, দুশ্চিন্তায় কৃষক
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বিভিন্ন উপজেলায় দুই দিনের টানা ঝিরিঝিরি বৃষ্টিতে মাঠের ক্ষেতে কেটে রাখা আমন ধান পানিতে ডুবে গেছে ও ও দমকা হাওয়ায় পাকা ধান হেলে পড়েছে। এতে পাকা ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান পচে যাওয়া ও চারা গজানোর আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া হালকা ও মাঝারি ধরনের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবারও অব্যাহত থাকে। জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমিতে এখন আমন কাটার ভরা মৌসুম চলছে। অনেক কৃষক ধান কেটে ক্ষেতেই শুকাতে দিয়েছিলেন, আবার কেউ কেউ আঁটি বেঁধে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমিতে পানি জমে যাওয়ায় ধান ভিজে ও ডুবে যায়।
স্থানীয় কৃষকরা জানান, মৌসুমের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্যে আমন আবাদ টিকিয়ে রেখেছিলেন তারা। শেষ মুহূর্তে ফলন ভালো হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে এবং রোদের দেখা না মিললে ধানের গুণগত মান নষ্ট হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা তাদের।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, কেটে রাখা ধান দীর্ঘ সময় পানিতে বা ভেজা অবস্থায় থাকলে শীষ থেকে ধান ঝরে পড়া, রং কালচে হয়ে যাওয়া কিংবা অঙ্কুরোদগমের ঝুঁকি থাকে। তাই পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের দ্রুত উঁচু স্থানে ধান সরিয়ে নেওয়া এবং জমির পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।
টানা এই আবহাওয়ায় গ্রামীণ হাটবাজার ও কৃষি শ্রমিকদের কাজেও স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয়ে রোদ উঠলে ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আমিন নামের এক কৃষক বলেন, জমিতে আমার ধান কাটা ছিল। টানা বৃষ্টি কারণে সেগুলো ডুবে গেছে। দ্রুত না কমলে ক্ষতির সম্মুখীন হবে। জাহিদুল নামের আরেক কৃষক বলেন, পাকা ধানের উপর বৃষ্টি হওয়ায় আমরা কৃষকরা একটু সমস্যার মধ্যে পড়েছি। দ্রুত রোদ উঠলে কিছুটা ক্ষতি কম হবে।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজীব খান বলেন, ২৪ ঘন্টায় ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ও সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে একটু কমার সম্ভাবনা রয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, চলতি মৌসুমে রাজশাহী জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে মোট ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ধান কাটা হয়েছে।
