রাজশাহীতে দিনভর ঝিরি ঝিরি বৃষ্টি, ভোগান্তি

স্টাফ রিপোর্টার

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে শুক্রবার সকাল থেকেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে দিনভর থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ায় নগরীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা আরও এক থেকে দুই দিন থাকতে পারে। পূর্বাভাস মতে, শুক্রবার ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকলেও শনিবার এর পরিমাণ কিছুটা কমে আসতে পারে। রোববার (২২ নভেম্বর) রাজশাহী বিভাগসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার (২৩ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশের পর দুর্বল হয়ে নিম্নচাপ এবং পর্যায়ক্রমে লঘুচাপে পরিণত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। পরদিন বুধবার (২৫ নভেম্বর) থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করতে পারে, এতে রাজশাহীতে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, দিনভর ঝিরিঝিরি বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। কাজের সন্ধানে বের হলেও যাত্রী ও কাজের পরিমাণ কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন রিকশাচালক ও দিনমজুরদের অনেকে। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের কাছে টানা বৃষ্টি বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এমন আবহাওয়া নিয়ে উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

শুক্রবার সকালে নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজিসহ বিভিন্ন ধরনের সবজি তুলনামূলক কম দামে বিক্রি হলেও ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম। সকাল থেকেই দোকান খুলে বসে থাকলেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। বাজারে মানুষের চলাচল কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, বৃষ্টির কারণে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় কেনাকাটা সেরে বাড়ি ফিরতে হচ্ছে। তবে সবজির দাম তুলনামূলক কম থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। তাদের মতে, আবহাওয়া স্বাভাবিক থাকলে বাজারে আরও ভালোভাবে কেনাকাটা করা সম্ভব হতো।

নগরীর সবজি বিক্রেতা সোহেল বলেন, ‘সকাল থেকেই দোকান খুলে বসে আছি। সবজির দামও তুলনামূলক কম রেখেছি। কিন্তু বৃষ্টির কারণে ক্রেতা আসছেন না। বেচাকেনা না হলে প্রতিদিনের খরচ তোলাও কঠিন হয়ে যায়। আমাদের মতো ছোট ব্যবসায়ীদের জন্য এমন আবহাওয়া খুবই কষ্টের।’

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট