নগরীতে স্কুলছাত্রকে পিটিয়ে ভিডিও ভাইরাল,কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পথরোধ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় ত্রাস সৃষ্টির অপরাধে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৫টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গোয়ালপাড়া এলাকার মোঃ সুমন হোসেনের ছেলে মোঃ জহুরুল ইসলাম ওরফে সোহান (১৯) এবং বুলনপুর ঘোষপাড়া এলাকার মোঃ সাবের আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (১৯)। গতকাল শুক্রবার বিকেলে আরএমপির রাজপাড়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

তিনি জানা, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে কোর্ট একাডেমীর নবম শ্রেণির ছাত্র মোঃ রাফিদ হোসেন রাফির (১৩) সাথে এক কিশোরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ১৯ মে বিকেল ৩টার পর রাফি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজপাড়া থানার ফুড অফিসের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন কিশোর তার পথরোধ করে। পরে তারা দলবদ্ধভাবে শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে রাফিকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা জখম করে। এ সময় ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুর রশিদ (৩৫) এগিয়ে এসে ভুক্তভোগী ছাত্রকে উদ্ধার করেন। মারধরের সময় ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা।

এদিকে, স্কুলছাত্রকে মারধর ও এলাকায় ত্রাস সৃষ্টির এই ঘটনার একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের দৃষ্টিগোচর হয়। ভিডিওটি দেখামাত্রই তিনি রাজপাড়া থানা পুলিশকে এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

আরএমপি কমিশনারের নির্দেশনার পর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেয় পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের পিতা রাজপাড়া থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে রাজপাড়া থানায় মামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন—বুলনপুর ঘোষপাড়া এলাকার মোঃ সানজিদ (১৮), মোঃ আবির (১৮) এবং মোঃ অনিক (১৯)।

রাজপাড়া থানা পুলিশ জানায়, মামলার ১নং আসামি জহুরুল ইসলাম ওরফে সোহান এবং ২নং আসামি সোহাগ হোসেনকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অবশিষ্ট পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট