নগরীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

ন্যায্য বেতন, চাকরি স্থায়ীকরণ, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ও পেশাগত নিরাপত্তাসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহীতেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা। গতকাল শুক্রবার সকালে নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও রাজশাহী পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রোদ, বৃষ্টি, ঝড়সহ প্রতিকূল পরিবেশে কাজ করার পাশাপাশি করোনা মহামারির সময়ও জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন তারা। অথচ দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত কর্মীরা ন্যায্য অধিকার, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

 মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজশাহীর সভাপতি মোহাম্মদ রফিকুল আলম রিদুল বলেন, বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরি স্থায়ীকরণ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহীর সিনিয়র সহসভাপতি মো. শিমুল শেখ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন এবং সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়নবিষয়ক দায়িত্বপ্রাপ্ত গোলাম মোস্তফা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট