নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে বিএনপির অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের তৎপরতা এবং ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শাফিকুল ইসলাম শাফিক, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শামীম,বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিএনপি মিডিয়া সেল রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্র নেতা বানি ইসরাইল। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন বিএনপি নেতাকর্মীরা।
