আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার
রাজধানীর উত্তরা থেকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ৫৫ মিনিটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিকবার লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তিনি পুলিশ কেন তাকে নিতে এসেছে, তা জানেন না বলে দাবি করেন এবং বিনা ওয়ারেন্টে আটকের অভিযোগ তোলেন।
জানা গেছে, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কয়েকটি মামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা। ওই গ্রুপের সদস্যদের তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল। সূত্র: ইনকিলাব
