দিল্লির মদদে ভারত থেকে নিষিদ্ধ আ.লীগের ডাকা ‘লকডাউন’ ঘৃণাভরে প্রত্যাখ্যান জনতার

ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি ছাত্র-জনতার রক্তে রঞ্জিত ইতিহাস ও পলাতক আসামির দণ্ড মাথায় নিয়ে সীমান্তের ওপারে বসে দিল্লির মদদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে দেশের সাধারণ মানুষ। কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল পরিসরে কিছু প্রচার-প্রচারণা ছাড়া রাজপথ বা জনজীবনে এই কর্মসূচির ছিটেফোঁটা প্রভাবও পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রধান মহাসড়ক, নৌপথ, বন্দর, শিল্পাঞ্চল, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত প্রাঙ্গণে নিত্যদিনের মতোই স্বাভাবিক কর্মচাঞ্চল্য ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত কর্মযজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অবস্থানে দেশজুড়ে শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে, ভারতীয় প্রক্সি গোষ্ঠী গণহত্যাকারী আওয়ামী লীগ বিগত দেড় দশক ধরে ক্ষমতায় আঁকড়ে থেকে রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে যে মাফিয়াতন্ত্র ও দুঃশাসন কায়েম করা হয়েছিল, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে তার অবসান ঘটেছে। এরপর একটি নজিরবিহীন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ভারতের নীলনকশা বাস্তবায়নে ও দেশকে অস্থিতিশীল করতে দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে থাকা পতিত ও নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তবে দেশের সচেতন জনতা ষড়যন্ত্রকারীদের এই দেশবিরোধী অপতৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর এবং লকডাউনের নামে কোনো অরাজকতাকে প্রশ্রয় দেয়নি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট