রাজশাহীতে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মাত্র ২৫ বছর বয়সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। আদিবাসীদের ভূমির অধিকার, সামাজিক মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় তাঁর সেই সংগ্রাম আজও অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। এই কিংবদন্তি বিপ্লবী নেতার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে দিবসটি ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পরে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে মনোজ কুমার বলেন, তিনি শুধু রাজনৈতিক আন্দোলনেই নেতৃত্ব দেননি, আদিবাসী সমাজে ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মানুষকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিলেন এবং নিজেদের ভূমি, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষার প্রেরণা জুগিয়েছিলেন। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া এই বিপ্লবী নেতা ১৯০০ সালে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অল্প সময়ের জীবনে তিনি যে সংগ্রামের দৃষ্টান্ত রেখে গেছেন, তা কখনো বিস্মৃত হওয়ার নয়।
মনোজ কুমার বলেন, বিরসা মুন্ডার জীবন ও আদর্শ কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। মর্যাদা, ন্যায়বিচার, জনগোষ্ঠীর অধিকার এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সবার জন্য প্রাসঙ্গিক। তাঁর জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান এবং ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার নতুন করে গ্রহণ করতে হবে। এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি ব্যক্তি ও জনগোষ্ঠী সমান মর্যাদা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম এবং অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাও, দিঘোরী রাজা পরিষদের সভাপতি শ্রী নিরেন চন্দ্র খালকো। আলোচনা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।
