গভীর সংকটের মুখে পোশাকশিল্প

দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা থামছেই না। মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিক আন্দোলন কিছুতেই থামছে না। মজুরি বোর্ড গঠন ও ডিসেম্বর থেকেই মজুরি বাড়ানোর ঘোষণা দেয়ার পরও শ্রমঘন এলাকায় প্রতিদিনই শ্রমিক বিক্ষোভ হচ্ছে। বন্ধ রাখতে হচ্ছে কারখানা। ক্রমাগত শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। নেতিবাচক বার্তা যাচ্ছে বিশ্ববাজারে। এতে দেশের সবচেয়ে বড় এই খাত ঘিরে শঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে গতকাল গার্মেন্ট মালিকদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে আন্দোলন হলেই কারখানা বন্ধ করে দেয়া হবে। মালিকদের এই ঘোষণার ফলে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। গতকাল শিল্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৪৭টি কারখানা বন্ধ ছিল এদিন। এ ছাড়া কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়। অক্টোবরের শেষের দিকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন শুরুর পর দ্রুতই সরকার মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ড ইতিমধ্যে ২টি বৈঠক করেছে। সোমবার মালিক পক্ষ মজুরি প্রস্তাব দেয়ার কথা রয়েছে। মজুরি বাড়ানোর আনুষ্ঠানিক এই উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলনের পেছনে নানা কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে এই খাত নিয়ে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত না নেয়ার কারণে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে বলে মনে করা হচ্ছে। সামনে মজুরি ঘোষণা ঘিরেও বড় শঙ্কা রয়েছে। শ্রমিকদের কাছে বাস্তবসম্মত মজুরি ঘোষণা না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্প মালিক ও শ্রমিক সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে এ খাতে একের পর এক অস্থির অবস্থা তৈরি হচ্ছে। তিন মাস আগেই গোয়েন্দা তথ্য ছিল এ খাতে মজুরি বাড়ানো ঘিরে অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু এই সময়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ কারণে শেষতক শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি নিয়ে রাস্তায় নামেন। এ ছাড়া শ্রমিক আন্দোলন চলার মধ্যে উস্কানির অভিযোগে গণহারে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে অবশ্য যাচাই করে কিছু অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। সূত্র বলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি অথচ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। শ্রমিকদের বেতন-ভাতা দিতে গিয়ে তারা বেকায়দায় পড়েন।এসব প্রতিষ্ঠানের আমদানি রপ্তানিতেও বড় প্রভাব পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক কারণ না খুঁজে গণহারে এই দোষারোপের কারণেও পরিস্থিতি ঘোলাটে হয়েছে। পাল্টাপাল্টি দোষারোপ না করে সঠিক সিদ্ধান্ত নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত এই গার্মেন্ট খাত বন্ধ বা বিপর্যস্ত হলে দেশের অর্থনীতিই ধসে পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। যা রাষ্ট্রীয় অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। দেশের সম্ভাবনা এই খাতটি নানা ঘাত- প্রতিঘাত মোকাবিলা করে এই পর্যায়ে এসেছে। আশির দশকে এই খাত বিকাশে সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছিল শ্রীলঙ্কা থেকে শিল্প স্থানান্তর। ওই সময়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও ওই দেশের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিল্প বাংলাদেশে চলে আসে। একইসঙ্গে দেশটির প্রশিক্ষিত অনেক কর্মীও বাংলাদেশে আসেন। এই শিল্প স্থানান্তরের কারণে বাংলাদেশের পোশাকশিল্প খাত বড় ভিত্তি পায়। দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে এই শিল্প অন্য দেশে স্থানান্তরের চেষ্টা হিসেবেও দেখছেন। তারা বলছেন, কিছু পক্ষ পরিকল্পিতভাবেই অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের শিল্পকে অন্য দেশে নিয়ে যাওয়া। সম্প্রতি ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে। কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের: শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যদের যৌথ মতবিনিময় সভায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার যেসব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, সেগুলো শ্রম আইন অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। সংযত থাকার আহ্বান শ্রমিক নেতাদের: ওদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন নেতারা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি আবুল হোসাইন এ বিষয়ে বলেন, শিল্পে কোনো সংকট তৈরি হলে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়। বরং এতে সমস্যা সমাধানের পথ আরও ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লে পরিস্থিতির আরও অবনতি ও বিশৃঙ্খলা বাড়তে পারে।অর্থনীতিতে নানমুখী চ্যালেঞ্জ:তৈরি পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের জীবন-জীবিকা। সূত্র: আমাদের সময়. কম
 
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট