প্রস্তুত রূপপুর: চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পাওয়া গেলে চলতি নভেম্বরেই এ ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও সরবরাহ চালু হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত কোনো সমস্যা বা আকস্মিক সংকট দেখা না দিলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যাপক প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে। গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে প্রতিটি পর্যায়ের কার্যক্রম পরীক্ষা করে কোনো ত্রুটি আছে কি না, তা নিশ্চিত করা হবে। সবকিছু ঠিক থাকলে এ পর্যায়ে বায়রার অনুমোদন নেওয়া হবে। অনুমোদন পাওয়া গেলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা আছে। এ বিষয়ে বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে বলে জানিয়েছেন মাহমুদুল হাসান। এ কারণে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত করা যায়নি। সূত্র: সমকাল

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট