পুঠিয়ায় অপহৃত  স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় এক বছরের বেশি সময় নিখোঁজ থাকা ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি  হৃদয়কে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরার আশাশুনি থানার বুধেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হৃদয় পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ অক্টোবর বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় পরদিন তার বাবা মিজানুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দীর্ঘদিন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের নির্দেশনায় এসআই ইব্রাহিম খলিল ও এসআই সোহেল সুমনসহ পুলিশের একটি দল সাতক্ষীরায় অভিযান চালায়। এ সময় প্রধান আসামিকে গ্রেপ্তার করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে বাবা মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও মেয়ের সন্ধান পাননি। পরে সাংবাদিকদের সহযোগিতায় মানববন্ধন ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পরও অপেক্ষা করতে হয়েছে। অবশেষে মেয়েকে জীবিত ফিরে পেয়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছে। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় সাতক্ষীরা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট