নাটোরে মিষ্টির কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড, সিলগালা
নাটোর প্রতিনিধি
নাটোর শহরের লালবাজার এলাকার পুরোনো ও সুপরিচিত জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য আদালত। কারখানায় তেলাপোকার উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে শহরের লালবাজারে এ অভিযান পরিচালনা করেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. ইব্রাহীম আলী। অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি কর্মকর্তা মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু নাটোর শহরের জয়কালিবাড়ী এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে। নাটোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান জানান, জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভান্ডার নাটোরের পুরোনো ও ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোর একটি। প্রতিষ্ঠানটির তৈরি আদি কাঁচাগোল্লা একসময় দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হতো। স্বাদ ও মানের কারণে প্রতিষ্ঠানটির সুনামও ছিল। তবে অভিযানে কারখানার ভেতরে কাঁচাগোল্লা ও মায়াক্ষীর সন্দেশ তৈরির স্থান এবং সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। মেঝেতে খোলা অবস্থায় খাদ্যপণ্য পড়ে ছিল। এ ছাড়া খাবারের আশপাশে প্রচুর তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। নিয়ামুল হাসান আরও জানান, খাবার তৈরি ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানাসহ এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় আদালত প্রতিষ্ঠানের মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে কারখানায় থাকা আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
