নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড

নতুন প্রভাত ডেক্স
নাটোরের জয়কালিবাড়ী এলাকার দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন ও সংরক্ষণসহ নানা অভিযোগে মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে জব্দ করা আনুমানিক চার মণ কাঁচাগোল্লা ধ্বংস করা হয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা গেছে, প্রতিষ্ঠানটির কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির পাশাপাশি সংরক্ষণ করা হচ্ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে। কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকার উপস্থিতি এবং মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্য পড়ে থাকতে দেখা যায়। এসব অনিয়মের কারণে খাদ্যপণ্যের নিরাপত্তা ও মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি কারখানাটি স্থায়ীভাবে সিলগালা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পলাশ কুমার বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদনের সঙ্গে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্য কর্মকর্তারা।

নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার সুনাম ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র:কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট