বড়াইগ্রামে মোটা ও চিকন দলের প্রীতি ফুটবল ম্যাচ

বড়াইগ্রাম প্রতিনিধি

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে নাটোরের বড়াইগ্রামে মোটা একাদশ বনাম চিকন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় মাঠে অর্নিবাণ যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। ব্যতিক্রমী এ ফুটবল খেলায় ৫০ বছরোর্ধ্ব খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সব বয়সী মানুষের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট