বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে
বাংলাদেশের নোয়াখালীর সঙ্গে পারিবারিক শিকড়ের টান। সেই বাংলাদেশের বিপক্ষেই ব্যাট হাতে দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। সিলেট টেস্টের প্রথম দিনের সকালে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তুলেছেন জাঙ্গু। অভিষিক্ত কেভিন উইকহামের সঙ্গে গড়েছেন ১৩১ রানের জুটি। এরপর জাস্টিন গ্রিভসকে নিয়ে যোগ করেছেন আরো ৭৭ রান। দিন শেষে জাঙ্গু অপরাজিত ১১১ রানে। তার সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান। জাঙ্গুর সঙ্গে বাংলাদেশের একটা আলাদা যোগসূত্র আছে।
এত দিনে নিশ্চয় অনেকেই জেনে গেছেন। তার জন্ম ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদে হলেও মা সুলতানা জাঙ্গুর বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোবহানপুর গ্রামে। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে তাই জাঙ্গুর পারিবারিক শিকড়ের প্রসঙ্গ সামনে আসে। অবশ্য সকালটা ছিল বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চাপে ফেলে দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাসকিন ও হাসানের তোপে ২৭ রানের মধ্যে ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা ও কাভেম হজের উইকেট হারায় সফরকারীরা। এবারের বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ এমনিতেই কিছুটা দুর্বল। বিশ্রামে আছেন ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ। ভাইরাল জ্বরের কারণে সিলেট টেস্টে খেলতে পারছেন না মিরপুর টেস্টে দারুণ ব্যাটিং করা জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। সূত্র: কালের কন্ঠ
