রান্নার হাঁড়ি থেকেই শরীরে ঢুকছে বিষাক্ত সীসা, বলছে নতুন গবেষণা

বাতিল ধাতু পুনর্ব্যবহার করে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে ছড়িয়ে পড়ছে বিষাক্ত সীসা। এসব পাত্রে রান্না করা ভাত ও খিচুড়ি খাওয়ার ফলে পরিবারের সদস্যরা সীসার সংস্পর্শে আসছেন। বিশেষ করে শিশুদের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি, কারণ সীসা তাদের বিকাশমান মস্তিষ্কের ক্ষতি করতে পারে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, পুনর্ব্যবহৃত ধাতু দিয়ে তৈরি নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে প্রথমবার রান্না করা ভাতে প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সীসা মিশেছে। সীসার সংস্পর্শে এলে শিশুদের শেখার ক্ষমতা, মনোযোগ ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি দেখা দিতে পারে বিভিন্ন আচরণগত সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, দীর্ঘদিন সীসার সংস্পর্শে থাকলে প্রাপ্তবয়স্কদের হৃদরোগের ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, সীসার সংস্পর্শের কোনো মাত্রাই নিরাপদ নয়। রক্তে সীসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি হলে এর উৎস শনাক্ত করে সংস্পর্শ কমানোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এই মাত্রাকে নিরাপদ সীমা হিসেবে বিবেচনা করা যাবে না, এটি কেবল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার একটি সতর্কতামূলক নির্দেশক। দূষিত খাবার, রং এবং অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারি পুনর্ব্যবহারের মতো বিভিন্ন উৎস থেকে সীসা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। নতুন এই গবেষণায় দেশের মোট সীসা দূষণের কতটুকু রান্নার পাত্র থেকে ছড়ায়, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ২৫ অক্টোবর ‘জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রান্নার পাত্র পরিষ্কারের প্রচলিত পদ্ধতিও সীসা দূষণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

খসখসে মাজুনি দিয়ে অ্যালুমিনিয়ামের পাত্র ঘষে পরিষ্কার করলে তা থেকে আরো বেশি সীসা বেরিয়ে আসে বলে গবেষণায় দেখা গেছে। অম্লীয় তরল ব্যবহার করে চালানো পৃথক এক পরীক্ষায় দেখা যায়, ঘষে পরিষ্কার করা পাত্র থেকে অপরিষ্কার পাত্রের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সীসা নির্গত হয়। গবেষকেরা জানান, নতুন পাত্র থেকে সবচেয়ে বেশি সীসা বের হয়। তবে বারবার ব্যবহারের ফলে এর পরিমাণ ধীরে ধীরে কমে আসে। তারপরও কয়েকবার ব্যবহারের পর এসব পাত্রে রান্না করা খাবারে সীসার উপস্থিতি পাওয়া গেছে। একই ধরনের পরীক্ষায় ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়াচাড়া করলেও পাত্র থেকে সীসা নির্গমনের পরিমাণ বেড়েছে।

গবেষণার জন্য বাংলাদেশের একজন সরবরাহকারীর কাছ থেকে ২০টি নতুন অ্যালুমিনিয়ামের পাত্র কেনা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবারের কাছ থেকে সংগ্রহ করা হয় আরও সাতটি ব্যবহৃত পাত্র। পরীক্ষায় দেখা যায়, ব্যবহৃত সাতটি পাত্রের মধ্যে ছয়টিতে রান্না করা ভাতে শনাক্তযোগ্য মাত্রায় সীসা রয়েছে। আইসিডিডিআর,বির গবেষক ও গবেষণাটির সহলেখক মাহবুবুর রহমান বলেন, কম দামে রান্নার হাঁড়ি তৈরিতে বাতিল ধাতু ব্যবহার একটি বড় উদ্বেগের বিষয়। গবেষণায় বলা হয়েছে, হাতে তৈরি অ্যালুমিনিয়ামের পাত্র বানাতে প্রায়ই বাতিল গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, রেডিয়েটর, কম্পিউটারের বিভিন্ন উপাদান ও ক্যান গলিয়ে ব্যবহার করা হয়। এসব উপকরণে থাকা সীসা নতুন পাত্রেও মিশে যেতে পারে। তবে পরীক্ষিত পাত্রগুলো তৈরিতে ব্যবহৃত বাতিল ধাতুর সুনির্দিষ্ট উৎস শনাক্ত করতে পারেননি গবেষকেরা। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট