তওবা মুমিনের মর্যাদা বৃদ্ধি করে
মোহাম্মাদ মাকছুদ উল্লাহ
মানুষ ভুলের উর্ধে নয়। ইচ্ছায় কি অনিচ্ছায় প্রত্যেকটি মানুষের দ্বারা নিত্যই পাপাচার হয়ে থাকে। কিন্তু পাপ করার পরে পরিণামের ভয়ে হতাশায় ডুবে যাওয়ার শিক্ষা ইসলাম দেয় না; বরং আন্তরিবভাবে আল্লাহর দরবারে ফিরে আসার পথ দেখায়। এই ফিরে আসাকেই ইসলামের পরিভাষায় তওবা বলা হয়। তওবা শুধু পাপ স্বীকার করা নয়—এটি আত্মার অনুশোচনা, পাপ পরিত্যাগের এবং সৎপথে চলার দৃঢ় সংঙ্কলল্প। আন্তরিকভাবে তওবা করলে মুমিন শুধু পাপমুক্ত হয়না; বরং আল্লাহর দরবারে তার মর্যাদাও বৃদ্ধি পায়। মহান আল্লাহ এরশাদ করেছেন,“হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট তওবা করো-আন্তরিক তওবা। আশা করা যায়, তোমাদের রব তোমাদের মন্দ কাজগুলো মিটিয়ে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সে দিন আল্লাহ নবী এবং তাঁর বিশ্বাসী সাথীদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন! নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্ব শক্তিমান।(সূরা: আত্-তাহ্রীম: ৮) বিশুদ্ধ তওবা বলতে এমন তওবাকে বোঝায়, যাতে বান্দা নিজের পাপের জন্য সত্যিকার অনুতপ্ত হয়, তা বর্জন করে এবং ভবিষ্যতে আর কোনো দিন না করার অঙ্গীকার করে। কোনো পাপের সাথে যদি মানুষের অধিকার জড়িত থাকে, তাহলে সে অধিকার ফিরিয়ে দেয়া, সাথে সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকট ক্ষমা চাওয়াও জরুরি। এভাবে তওবা শুধু মানুষকে পাপমুক্ত করে না; তার চরিত্র ও আচরণও সংশোধন করে।
আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়াই তওবার প্রথম শিক্ষা। মহান আল্লাহ এরশাদ করেছেন,“বলুন! হে আমার বন্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো (পাপ করেছো) তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”(সূরা আয্-যুমার: ৫৩) আল্লাহর পক্ষ থেকে এই মায়াবী আহবান পাপীকে ফিরে আসার সাহস যোগায়। আল্লাহর নিকট মর্যাদাবান হওয়ার পথ শুধু কখনো পাপ না করা নয়; বরং পাপ করার পরে অহংকার না করে বিনয়ের সাথে তওবা করে তাঁর দিকে ফিরে আসার মাধ্যমেও মুমিনের মর্যাদা বৃদ্ধি পায়। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে,“নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন।”(সূরা আল-বাক্বারাহ: ২২২) আল্লাহর ভালোবাস মুমিনের জন্য বড় সম্মানের বিষয়। আন্তরিক তওতা তার হৃদয়কে পাপের কালিমা থেকে পরিস্কার করে, আল্লাহর আনুগত্যের পথে ফিরিয়ে আনে এবং তাকে ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলে। তওবার মর্যাদা আরো স্পষ্ট হয়ে ওঠে একটি হাদীস থেকে যেখানে রাসূলুল্লাহ (সা.) বলেছেন,“আল্লাহ তাঁর বান্দার তওবায় তোমাদের সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন, যে মরুভূমিত সমস্ত রসদসহ হারিয়ে যাওয়া তার বাহনটি ফিরে পাওয়ার পরে যতোটা আনন্দিত হয়।”(সহীহ মুসলম: ২৭৪৭) তওবাকারী আল্লাহর নিকট কতো প্রিয়, রাসূল্লাহ (সা.)-এর এই উপামা থেকে তা বোঝা যায়। অপর এক হাদীসে নবী করীম (সা.) বলেছেন,“সমস্ত আদম সন্তানই পাপ করে; আর যারা পাপ করে তাদের মধ্যে উত্তম হলো তারা, যারা তওবা করে।”(জামে আত-তিরমিযী: ২৪৯৯)
তওবা মুমিনের আমলনামাতে নেকী বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন,“তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে—আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দিবেন।”(সূরা আল-ফুরকান: ৭০) আলোচ্য আয়াত তওবার সীমাহীন ফযীলতের বিষয়টি প্রমান করে। আন্তরিকভাবে পাপের পথ থেকে ফিরে আসা, ঈমানকে দৃঢ় করা এবং নেক আমলে জীবনকে গড়ে তোলা—এগুলির মাধ্যমে অতীত জীবনে পাপ করার পরেও মানুষ মহান আল্লাহর অনুগ্রহে ধন্য হতে পারে। তাই তওবা শুধু অতীত থেকে মুক্তির চেষ্টা নয়; ভবিষ্যৎকেও আলোকিত করে তোলার অঙ্গীকার বটে। সুতরাং তওবা করতে বিলম্ব করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন,“নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুলের দায়িত্ব গ্রহন করেছেন, যারা অজ্ঞতা বশত মন্দ কাজ করে বসে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই তারা, যাদের তওবা আল্লাহ কবুল করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।”(সূরা আন-নিসা: ১৭)
লেখক: পেশ ইমাম ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসসজিদ।
