সরকারকে রাজনৈতিক ও সামাজিক সংকট চিহ্নিত করতে হবে
দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের ছয় মাস না যেতেই গণঅভ্যুত্থানে পতিত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ‘ডিসেম্বরে দেশে ফেরা’র ঘোষণা দেয়ার পর থেকেই দেশে এক ধরনের অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি ধীরে ধীরে দানাবাঁধতে শুরু করেছে। তার এই ঘোষণায় দেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সংখ্যা বেড়ে যায়। তারা উজ্জীবীত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে। এর মধ্যে গার্মেন্ট শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গত প্রায় দেড়-দুই মাস ধরে রাজধানী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ গার্মেন্টশিল্পাঞ্চলে সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও আন্দোলন করে যাচ্ছে। তারা পুলিশের ওপর হামলা করতেও দ্বিধা করছে না। পাশাপাশি অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণীপেশার সংগঠনগুলোও আন্দোলন করছে। গতকাল ইনকিলাবসহ প্রায় সব জাতীয় পত্রিকায় গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে। পাশাপাশি এসব আন্দোলনের নেপথ্যে থেকে ইন্ধন দিচ্ছে ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী সমর্থক কিছু গার্মেন্ট মালিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এ অভিযোগও উঠেছে, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী সমর্থক পুলিশ শ্রমিকদের উপর হামলা করে তাদের অসন্তোষকে আরও বাড়িয়ে দিচ্ছে। সরকার ইতোমধ্যে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করেছে। তারপরও তারা কেন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা একজন সাধারণ মানুষও বোঝে। প্রশ্ন হচ্ছে, উদ্যোগ নেয়ার পরও সরকার কেন শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না? মূল সংকট ও গলদ কোথায়? সরকারের এখন ৯ মাস চলছে। অত্যন্ত ভঙ্গুর ও নাজুক অর্থনীতির মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতির সব সূচক নিম্নগামী। গতকাল ইংরেজি দৈনিক নিউ এজ ও ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বিগত ২৩ বছরের মধ্যে সবচেয়ে নিম্নগামী। অর্থনীতিবিদদের মতে, দুর্বল ঋণ প্রবৃদ্ধি অর্থ হচ্ছে দুর্বল বিনিয়োগ, বিনিয়োগ স্থবিরতা মানে কর্মসংস্থানের স্থবিরতা। সাদাদৃষ্টিতে দেখলেও বোঝা যায়, দেশে বিনিয়োগ খুবই নিম্নগামী। শ্রমিক আন্দোলন ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার কারণে গার্মেন্ট খাতে অর্ডার বাতিল ও স্থগিত হতে থাকায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং শত শত কারখানা বন্ধ রাখা হয়েছে। অর্থনীতির অন্যান্য খাতও দুর্বল হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাবস্থা বিরাজ করছে। ছোট ছোট দোকানপাট থেকে শুরু করে বড় মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের হাতে টাকা নেই। সংসার চালানো দায় হয়ে পড়েছে। বেকারত্বের হার হু হু করে বাড়ছে। এতে পারিবারিক ও সামাজিক সংকট শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিরোধীদলের সরকারবিরোধী রাজনীতির পরিবেশ অনুকূল করে দিচ্ছে। সরকারের জন্য এ পরিস্থিতি অত্যন্ত অ্যালার্মিং। সরকারের উচিৎ, মূল সংকট কি এবং কোথায়, তা সঠিকভাবে চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা। কেউ যদি ভুল ডায়াগনোসিসের শিকার হয়ে ক্যান্সারের চিকিৎসার বদলে হৃদরোগের চিকিৎসা করা শুরু করে, তাহলে রোগীর বাঁচার কি কোনো আশা থাকে? সরকারকে এটা বুঝতে হবে। মনে রাখতে হবে, সরকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিকসহ চতুর্মুখী সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ঘুরপাক থামাতে না পারলে সরকারের সামনে এগিয়ে যাওয়ার সহজ পথ থাকবে না।
