পান পাতার অর্থনীতি ৩৩ দেশে চাহিদা, খুলছে রফতানির দুয়ার

 খৈল, বাঁশ ও শ্রমিকের মজুরিসহ বেড়েছে পানের উৎপাদন খরচ। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রেতা সংকট। সব মিলিয়ে লোকসানের মুখে পড়েছেন পানচাষীরা। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেকেই কমিয়ে দিচ্ছেন পানের আবাদ। তবে দীর্ঘদিন পর গত ৪ অক্টোবর বাংলাদেশ পান রফতানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রফতানি করা যাবে না—হাইকোর্টের দেয়া সেই আদেশের কার্যকারিতা স্থগিত হওয়ায় পান রফতানির নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, রফতানির ক্ষেত্রে অতিরিক্ত বা অনির্ধারিত কোনো বাধা থাকলে চাষী ও রফতানিকারক উভয়েই ক্ষতিগ্রস্ত হতে পারেন। আদালতের আদেশের ফলে আপাতত সেই আইনগত জটিলতা থেকে রফতানিকারকদের স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। প্রযোজ্য আইন ও সরকারি বিধিবিধান মেনে রফতানি কার্যক্রম পরিচালনা করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পানের প্রবেশ ও রফতানি সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে। রফতানিকারকরা জানান, পান রফতানিকারক সমিতির নেতাদের স্বেচ্ছাচারিতার কারণে ডিসেম্বরের পর থেকে পান রফতানি কমে গেছে। রফতানি করতে হলে সমিতির সদস্যপদ থাকা বাধ্যতামূলক। কিন্তু সমিতির নেতারা ঠিকমতো সদস্যপদ নবায়ন করেন না। ফলে দেশ থেকে পান রফতানি কমে গেছে। এ সুযোগে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের পানের বাজার চলে যাচ্ছিল প্রতিযোগী দেশগুলোর দখলে। পরে আদালতের মাধ্যমে এ সমস্যার সমাধান হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে পান রফতানি হয়েছে ৪ হাজার ৩৮৮ দশমিক ৯৬ টন। তিন বছর আগে ২০২২-২৩ অর্থবছরে রফতানি হয়েছিল ৩ হাজার ৬৫৯ দশমিক ৭১২ টন। তখন থেকে প্রতি বছরই রফতানি বেড়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রফতানি হচ্ছে ২৮ লাখ বাংলাদেশী কর্মীর দেশ সৌদি আরবে। গত চার অর্থবছরে দেশটিতে প্রতি বছর গড়ে সাড়ে ৩ হাজার টনের বেশি পান রফতানি হয়েছে। এ সময় কানাডা, ফ্রান্স ও ইতালিতেও স্বল্প পরিমাণে পান রফতানি হয়েছে। ভেড়ামারা উপজেলার তিনটি ইউনিয়ন জুনিয়াদহ, ধরমপুর ও বাহাদুরপুরের প্রান্তিক পানচাষীরা জানান, বিঘাপ্রতি নতুন বরজে খরচ হয় সাড়ে ৩-৪ লাখ টাকা। যেখানে পান বিক্রি করে আসছে ১ লাখের মতো। পানবরজের সরঞ্জামের দাম বেড়েছে আগের চেয়ে তিন গুণ। আগে যে শ্রমের দাম ছিল ৪০০-৫০০ টাকা, বর্তমানে তা হয়েছে ৮০০-১০০০ টাকা। তাই অনেকেই বরজ মেরামত না করে রেখে দিয়েছেন। দাম কম হওয়ায় কেউ আবার বরজের পান ভাঙছেন না। ঋণের দায়ে জর্জরিত কেউ কেউ বরজ ভেঙে অন্য চাষাবাদ করার মনস্থির করেছেন। বরজের ওপর ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে অনেকে হয়েছেন এলাকা ছাড়া। সূত্র: বণিক বার্তা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট