রাজশাহী শিক্ষা বোড পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন,  জিপিএ-৫ সংখ্যাও তলানিতে

স্টাফ রিপোর্টার

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও তলানিতে ঠেকেছে। এবার পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৬১৭ জন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত রাজশাহী শিক্ষা বোর্ডের সাত বছরের তুলনামূলক ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৮৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ। আর ২০২০ সালে পাসের হার ছিল ১০০ শতাংশ। সেই হিসাবে গত সাত বছরের মধ্যে এবারই বোর্ডটির পাসের হার সবচেয়ে কম।শুধু পাসের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধরনের অবনতি হয়েছে। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১০ হাজার ১৩৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৬১৭ জন। শতকরা হিসাবে এ সংখ্যা কমেছে প্রায় ৫৫ শতাংশ। সাত বছরের পরিসংখ্যানেও এবারই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সর্বনিম্ন।এদিকে কলেজভিত্তিক ফলাফলও সন্তোষজনক নয়। এবার বোর্ডের অধীন ৩৯টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ৩৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাসের কলেজ বেড়েছে চারটি। অন্যদিকে শতভাগ পাস করা কলেজের সংখ্যা গত বছর ১৮টি থাকলেও এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ৯টিতে।ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ছিল যথাক্রমে ১০০ ও ৯৭ দশমিক ২৯ শতাংশ। পরবর্তী বছরগুলোতে পাসের হারে ওঠানামা থাকলেও ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী শিক্ষা বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত সাত বছরের মধ্যে এবারই বোর্ডের সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। আগের বছরগুলোতে ফলাফল তুলনামূলক ভালো হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি কিছুটা অমনোযোগিতা তৈরি হয়েছিল। তবে এবারের ফলাফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ফলাফল সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। তবে গত কয়েক বছরের তুলনায় রাজশাহীতে পাশের হার সর্বনিম্ন বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট