আবু জাহেলের বর্বরতা ও তার পরিণতি

মোহাম্মাদ মাকছুদ উল্লাহ

আবু জাহেল—মুল নাম আমর ইবনে হিশাম—ছিলো মক্কার কুরাইশদের প্রভাবশালী নেতা। তার বংশ পরিচয় নিম্নরূপ: আমর ইবনে হিশাম ইবনে আল-মুগিরা ইবনে আব্দুল্লাহ ইবনে উমার ইবনে মাখজুম। আবু জাহেলের বংশধারা মুগিরা ইবনে কা’ব পর্যন্ত গেলে রাসূলুল্লাহ (সা.)- এর বংশধারার সাথে মিলিত হয়। জাহেলী যুগে আবু জাহেলের উপাধি ছিলো আবুল হিকাম অর্থৎ জ্ঞানের পিতা বা প্রজ্ঞার পিতা। ইসলামের ইতিহাসে সে আখেরী নবী, শ্রেষ্ঠনবী হযরত মোহাম্মাদ (সা.) ও তাঁর অনুসারীদের কঠোর বিরোধিতা ও নির্যাতনের জন্য বিশেষভাবে পরিচিত। তার আচরণ শুধু ব্যক্তিগত শত্রুতার প্রকাশ চিলোনা; বরং সত্যের আহ্বানকে দমন করতে ক্ষমতা, সামাজিক প্রভাব ও সহিংস ব্যবহারেরও দৃষ্টান্ত ছিলো। পবিত্র কুরআনে ইতিহাস খ্যাত এই জালিমকে আবু জাহেল নামে উপস্থাপন করা হয়নি। তারর বর্বর আচরণের কারণে মুসলমানগণ তাকে আবু জাহেল নামে বা অজ্ঞতার পিতা নামে ডাকতেন। তবে আল-কুরআনের সূরা আলাকে এমন এক ব্যক্তির কথা বলা হয়েছে, যার আচরণ তার জাহালাত তথা বর্বতার প্রমান প্রকাশ করে। তাফসীরকারগণ এই ঘটনাকে আবু জাহেলের সাথে যুক্ত করেছেন। এরশাদ হয়েছে,“তুমি কি দেখেছ তাকে, যে বাধা দেয়—এক আন্দাকে যখন সে নামাজ পড়ে? ভেবে দেখ যদি সে বান্দা সৎপথে থাকে, অথবা তাকওয়ার নির্দেশ দেয়? আর ভেবে দেখ, যদি বাধাদানকারী সত্য অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে যে, আল্লাহ তাকে দেখছেন? সাবধান! যদি সে বিরত না হয়, তাহলে আমি তাকে কপালের চুল ধরে টেনে নেব—সেই মিথ্যবাদী ও পাপীর কপালের চুল! তখন সে তার সাথীদের ডাকুক। আমিও জাহান্নামের প্রহরীদের ডাকবো। সাবধান তার কথা মেনো না। তুমি সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো।(সূরা আল-আলাক: ৯-১৯) তাফসীর আত-ত্বাবারীতে উল্লেখ করা হয়েছে, আবু জাহেল নবী করীম (সা.)-কে নামাজ পড়তে দেখলে তাঁর ঘাড়ে পা রাখার হুমকি দিয়েছিলো। আবু জাহেলের নিষ্ঠুরতার সব থেকে বড় প্রমান হলো হযরত সুমাইয়া (রা.) ও তাঁর পরিবারের উপর নির্যাতন। হযরত সুমাইয়া বিনতে খাইয়্যাত (রা.) ইসলামের প্রথম শহীদ। তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হযত আম্মার ইবনে ইয়াসার (রা.)-এর মাতা। তিনি প্রথম যুগে ইসলাম গ্রহনকারীদের অন্যতম। রাসূলুল্লাহ (সা.)-এর হাতে যাঁরা প্রথম দিকে ইসলাম গ্রহন করেছিলেন তাঁদের সকলেই মক্কার মুশরিকদের নির্যাতনের শিকার হয়েছেন। হযরত সুমাইয়্যা ও তাঁর পরিবারের উপরর নেমে এসেছিলো অবর্ণনীয় নির্যাতনের ধারা। হযরত সুমাইয়্যা (রা.) নির্যাতন সহ্যকরেও ইসলামের উপর দৃঢ় ছিলেন। বর্বর আবু জাহেল একদিন হযরত সুমাইয়্যার লজ্জাস্থানে বর্শা নীক্ষেপ করলে তিনি শাহাদাত বরণ করেন। (মুসান্নেফে ইবনে আবি শাইবাহ: ৩৫৭৭০, তাত-ত্বাবাকাতুল কুবরা: ৮/২৬৪, আর রাহীকুল মাখতুম: ৯০) রাসূলুল্লাহ (সা.)-এর সাথে আবু জাহেলের বর্বরতা: ইতিহাস খ্যাত

খোদাদ্রোহী আবু জাহেলের বর্বরতা থেকে রাসূলুল্লাহ (সা.) ও বাদ পড়েননি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেছেন, “একবার আল্লাহর রাসূল (সা.) খানায়ে কা’বাতে নামাজ পড়ার জন্য আসছিলেন। তখন আবু জাহেল তার কয়েকজন সাথী নিয়ে সেখানে বসেছিলো। রাসূলুল্লাহ (সা.)-কে আসতে দেখে আবু জাহেল তার সাথীদেরকে লক্ষ্য করে বললো, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটের নাড়িভুঁড়ি নিয়ে আসবে এবং সে (মুহাম্মাদ সা.) যখন সিজদায় যাবে তাঁর পিঠের উপর তা রেখে দিবে? তাদের মধ্যে সব থেকে দুর্ভাগা ব্যক্তি সেটি নিয়ে এলো। রাসূলুল্লাহ (সা.) সিজদায় গেলে তাঁর দুই কাঁধের মাঝখানে পিঠের উপর তা রেখে দিলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) ঘটনা দেখছিলেন, কিন্তু তাদেরকে প্রতিহত করার ক্ষমতা তাঁর ছিলো না। মুশরিকরা আল্লাহর রাসূলের অবস্থা দেখে হাসাহাসি করছিলো। রাসূলুল্লাহ (সা.) সিজদাতেই থেকে গেলেন। ঘটনা জানতে পেরে হযরত ফাতিমা (রা) ছুটে এসে রাসূলুল্লাহ (সা.)-এর পিঠ থেকে তা সরিয়ে ফেলেন।”(সহীহ আল-বোখারী: ৩১৮৫) আবু জাহেল রাসূলুল্লাহ (সা.)-কে হত্যা ও দেশ থেকে বের করে দেয়ার ষড়যন্ত্রেও মুখ্যভূমিকা পালন করেছে।

শেষ পরিণতি: আবু জাহেলের পার্থিব জীবনের শেষ পরিণতি ঘটে বদরের যুদ্ধে। এই প্রতাপশালী কোদাদ্রোহী দু’জন কিশোরের আকষ্মিক আক্রমনে ধরাশায়ি হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর পরকালে তার মর্মান্তুদ শাস্তি জাহান্নামের বিদগ্ধ অগ্নিতে মহান আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। সুতরাং আমাদের স্মরণ রাখা উচিত যে, পার্থিব জীবনের সহায়-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি আর ক্ষমতা চিরস্থায়ী নয়। দাম্ভিকদের শেষ পরিণতি হয় অত্যন্ত লজ্জাস্কর ও যন্ত্রণাদায়ক। লেখক: পেশ ইমাম ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট