কোরআন-সুন্নাহর বিজ্ঞানবিষয়ক ডিজিটাল বিশ্বকোষের মোড়ক উন্মোচন
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত বৈজ্ঞানিক বিষয়াবলি নিয়ে রচিত ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ এনসাইক্লোপিডিয়া অব দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ’ বা পবিত্র কোরআন ও সুন্নাহে বর্ণিত বৈজ্ঞানিক অলৌকিক ঘটনাবিষয়ক বিশ্বকোষের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রবিবার (৬ সেপ্টেম্বর) সৌদি আরবের মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগের (এমডব্লিওএল) সদর দপ্তরে আয়োজিত ‘কোরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক অলৌকিকতা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তা উদ্বোধন করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ও মুসলিম ওলামা কাউন্সিলের চেয়ারম্যান শায়খ ড. মুহাম্মদ আল-ঈসা।
এ সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও খ্যাতিমান গবেষক ও আলেমরা অংশ নেন।‘মুসলিম ওয়ার্ল্ড লিগ এনসাইক্লোপিডিয়া অব দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ’ শীর্ষক বিশ্বকোষটি ডিজিটাল ও ইন্টার্যাকটিভ গ্রন্থ। আয়োজকদের মতে, তা এই বিষয়ের প্রথম বৈজ্ঞানিক ডিজিটাল ও ইন্টার্যাকটিভ বিশ্বকোষ, যা বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।বিশ্বকোষটিতে ৫০০টি পিয়ার-রিভিউড বৈজ্ঞানিক গবেষণা অন্তর্ভুক্ত করা হয়েছে।১৫টি খণ্ডে বিভক্ত এসব গবেষণা মোট ৭ হাজার ৫০০ পৃষ্ঠাজুড়ে প্রকাশিত হয়েছে।বিশ্বেকোটিতে আরো রয়েছে, উচ্চমানের দুই হাজার বৈজ্ঞানিক ছবি, দুই হাজার স্বল্পদৈর্ঘ্যের বৈজ্ঞানিক ভিডিও এবং স্বীকৃত বৈজ্ঞানিক ওয়েবসাইট ও পিয়ার-রিভিউড জার্নালের চার হাজার লিংক। এর মাধ্যমে কোরআন ও সুন্নাহর বিজ্ঞানবিষয়ক গবেষণাগুলোকে ডিজিটাল ও বহুভাষিক প্ল্যাটফর্মে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্বকোষটির উদ্বোধন শেষে বৈজ্ঞানিক অলৌকিকতাবিষয়ক গবেষণা ও অধ্যয়নে বিশেষ অবদান রাখা কয়েকজন আলেম ও গবেষককে সম্মাননা প্রদান করেন এমডব্লিওএল-এর মহাসচিব ড. মুহাম্মদ আল-ঈসা।সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা কোরআন ও সুন্নাহর বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, গবেষণার পদ্ধতি এবং এ ক্ষেত্রে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তথ্যসূত্র : উকাজ ডটকম
