জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন
স্টাফ রিপোর্টার
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কোনো ধরনের অবহেলা কাম্য নয়। সোমবার দুপুরে রাজশাহীর পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । এমপি আরো বলেন, পবা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে।
অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তির ক্ষতি করে না বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন, তাই অপরাধ ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও প্রতনিধিগণ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
