অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে’
সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে তার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারেই রাজনৈতিক সমঝোতা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত রায় বাতিল হয়েছে। আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার প্রতিস্থাপন করতে হবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে একাধিকবার অনুরোধ পাঠানো হয়েছে।’ গোপালগঞ্জে গতকাল পুলিশের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রশাসন ওই ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।’
পূর্বাচলে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের বাড়িতে অভিযান ও অভিযোগের বিষয়ে করা প্রশ্নের উত্তরে বলেন, ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করা হবে। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব। কারও পরিচয় বিবেচনায় নেব না।’ সূত্র: ইনকিলাব
